২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।  

রোববার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ জানান।

দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম (৩০) রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ১৯৯৯ সালে ওবায়দুল ইসলামের সঙ্গে পূর্বপাইকড়া গ্রামের আবু সাঈদ সেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। ওবায়দুল স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ও তার পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 

আইনজীবী শামসুজ্জোহা বলেন, আদালত ওবায়দুলকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে খালাস দিয়েছে।