গাইবান্ধায় ঘাঘট নদীতে ভাসছিল শিক্ষিকার মৃতদেহ
তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদী থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।
নিহত তাসমিন আরা নাজ (২৮) ওই এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, ভোরে তাসমিন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে থাকেন। পরে সকালে ঘাঘট নদীতে তাসমিনের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
তাসমিনের সহকর্মীরা জানান, ব্যক্তিগত জীবনে অবিবাহিত তাসমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ওসি শাহীনুর ইসলাম বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
