Published : 01 Dec 2025, 03:30 PM
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট উল্টে মা ও মেয়ের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।
সোমবার বেলা ১১টার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফের ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে গরা এলাকায় স্পিডবোটটি উল্টে যায় বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।
নিহতরা হলেন- সেন্ট মার্টিনের পূর্বপাড়ার নজির আহমদের মেয়ে মরিয়াম আক্তার (৩৫) ও তার ছয় বছরের মেয়ে মাহিমা খাতুন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফয়েজুল ইসলাম বলেন, সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। খবর পেয়ে অন্য একটি স্পিডবোট গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে মা ও মেয়ে নিহত হয়েছেন।
মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, “মরিয়ম তার ছোট মেয়েকে নিয়ে স্পিডবোটে টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরছিলেন। পথে ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে তারা মারা যায়। বোন সন্তানদের নিয়ে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার কথা ছিল।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, “হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “সাগরে কীভাবে স্পিডবোট উল্টে গেল, তা তদন্ত করে দেখা হবে।”