১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করা হয় বলে ভাষ্য পুলিশের।

চাঁদপুরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নিহত মো. শাকিল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 09:11 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; যাকে চুরির অপবাদে মারধর করা হয় বলে ভাষ্য পুলিশের। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় ব্রিজসংলগ্ন পোলট্রি খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন।

নিহত মো. শাকিল (৩৫) ওই এলাকার প্রয়াত আব্দুস সালামের ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক।

এ ঘটনায় শনিবার সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- একই এলাকার বিকাশ সাহা ও তার কর্মচারী সোহরাব হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শাকিল দোয়াটি এলাকায় তার মাছের প্রকল্প দেখতে যান। ফেরার পথে চুরির অপবাদ দিয়ে বিকাশ সাহার পোলট্রি খামারের পাশে তাকে মারধর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বিকাশ সাহা ও তার কর্মচারী সোহরাব হোসেনসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে শাকিলকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান।

জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাকিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি বোরহান উদ্দিন।

তিনি বলেন, এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।