১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ‘হাজারি পল্লী’ তৈরির ঘোষণা ডিসির

“ঐতিহ্যবাহী হাজারি গুড়ের গুণগতমান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে পাঁচ লাখ খেজুর গাছ রোপণ করা হবে।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 07:28 PM

Updated : 18 Jan 2024, 12:41 PM

মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় উৎপাদনের সঙ্গে জড়িত গাছিদের নিয়ে ‘হাজারি পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

সোমবার সকালে জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা গাছি পাড়ায় ‘ক্লিন মানিকগঞ্জ, গ্রিন মানিকগঞ্জ’ প্রকল্পের আওতায় গাছিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় সভায় মিজান গাছি বলেন, “গাছ কমে যাওয়ায় গুড়ের উৎপাদন কমে গেছে। সরকারি উদ্যোগে গাছ রোপণ, জ্বালানির ব্যবস্থায় সহায়তা চাই।”

গাছিদের নানা দাবি তুলে শফিকুল ইসলাম শামিম হাজারি বলেন, “এক কেজি হাজারি গুড় করতে গাছিদের অনেক পরিশ্রম করতে হয়। তাদের জ্বালানি সংকট রয়েছে। রসও কম হয় এখন, আগের চেয়ে গাছ কমে গেছে। স্বল্প সুদের ঋণ দরকার।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আকতার বলেন, “ঐতিহ্যবাহী হাজারি গুড়ের গুণগতমান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে পাঁচ লাখ খেজুর গাছ রোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “চাষিদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হবে । এখানে হাজারি পল্লী গড়ে তোলা হবে। ভেজাল রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে “

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অর্ধ শতাধিক গাছি।