২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্র হত্যায় দুই আসামির যাবজ্জীবন

আসামি সিদ্দিকীর পরিকল্পনা অনুযায়ী শাবনূর আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্র হত্যায় দুই আসামির যাবজ্জীবন

মাদরাসা ছাত্র আকাশ হত্যায় দণ্ডপ্রাপ্ত দুই আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 04:31 PM

Updated : 31 Aug 2022, 04:31 PM

নারায়ণগঞ্জে এক মাদরাসা ছাত্রকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল।

নিহত আরিফুর রহমান খোকন ওরফে আকাশ (১৭) হবিগঞ্জ সদরের দক্ষিণ তেঘরিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি হবিগঞ্জ দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতি বেগম ওরফে শাবনূর (২১) এবং তেঘরিয়া গ্রামের সিদ্দিক আলী (৫০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

মামলার বরাতে পিপি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকাশের বড় ভাইয়ের কাছে ২০ হাজার টাকা পেতেন আসামি সিদ্দিক আলী। কিন্তু তা পরিশোধ না করে বিদেশ চলে যায় আকাশের ভাই। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আকাশকে খুনের পরিকল্পনা করেন সিদ্দিক। পরিকল্পনা অনুযায়ী, শাবনূর আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

“পরে গত বছরের ৮ এপ্রিল হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব এলাকায় আকাশকে ডেকে নেন শাবনূর। সেখানে একটি ভাড়াবাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকেন তারা। পরে ১১ এপ্রিল সিদ্দিক আলীর নির্দেশে খাবারের চেতনানাশক দ্রব্য মিশিয়ে আকাশকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেন তারা।”

আসামিরা ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে বিষয়টি স্বীকার করেছেন উল্লেখ করে মনিরুজ্জামান আরও বলেন, এই মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

“এই মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়াতে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।”

তবে আকাশ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় বলে জানান তার বাবা আব্দুল হেকিম। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।

আব্দুল হেকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আসামিরা। এই মামলায় আসামিদের ফাঁসির প্রত্যাশা করেছিলাম।”