২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের কদমতলির ফল মার্কেটে আগুন

মার্কেটের দ্বিতীয় তলায় রাখা ফলের ক্যারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সিলেটের কদমতলির ফল মার্কেটে আগুন

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি বাজারে ফল মার্কেটে আগুনের কুণ্ডলী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 05:01 PM

Updated : 17 Apr 2023, 05:01 PM

সিলেটের দক্ষিণ সুরমায় ফল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদমতলির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান।

আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়ে তিনি বলেন, দুপুরে ফল বাজারে আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

“মার্কেটের দ্বিতীয় তলার ছাদের উপরে ফলের ক্যারেট রাখা আছে। ক্যারেটের মধ্যে কাগজ, খড় ও শোলা থাকে। আগুন এসবের সংস্পর্শে এসে ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান।