ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য
আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দাবিতে এ আন্দোলন চলছে বলে জানান টাঙ্গাইলের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ তিন হলে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
এতে উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো. আজিজুল।
শনিবার বিকালে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে ৮টায় মান্নান হলে তালা দেয় শিক্ষার্থীরা। পরে দাবি না মানায় প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের হলে পর্যাপ্ত পানি সরবরাহ নেই। নেই ইন্টারনেট ব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা মিটিং করেও কোনো সমাধান হয়নি।
১৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
দাবি আদায়ে তিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভিসির কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
জনসংযোগ কর্মকর্তা আজিজুল বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ৪০০, শেখ রাসেল হলে ৫৫০ এবং মান্নান হলে ৫০০ শিক্ষার্থী রয়েছেন।
