১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে হাঁসে ধান খাওয়া নিয়ে বিতণ্ডায় প্রাণ গেল গৃহবধূর

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে পুলিশ। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 12:59 PM

Updated : 29 Nov 2023, 12:59 PM

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নারীর লাঠির আঘাতে এক গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকালে ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত আলেয়া বেগম (৫০) ওই গ্রামের মো. সোলেমানের স্ত্রী।

স্বজনদের বরাতে ওসি রফিকুল জানিয়েছেন, কেটে নেওয়ার পর ক্ষেতে ঝরে পড়া ধান কুড়িয়ে আনতে বুধবার সকাল ৭টার দিকে আলেয়া বেগম বাড়ির পাশে নিজেদের জমিতে যান। জমিতে ঝরে পড়া ধান হাঁসে খেয়ে ফেলা নিয়ে সেখানে প্রতিবেশী রেজিয়া বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয় আলেয়ার।

“এক পর্যায়ে লাঠি দিয়ে আলেয়ার মাথায় আঘাত করেন রেজিয়া। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় । ”

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে পুলিশ। ঘটনার পর অভিযোগ ওঠা নারীর পরিবার বাড়ি ছেড়ে পলিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।