২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচালক আটকের প্রতিবাদে ৫ ঘণ্টা যমুনার সার পরিবহন বন্ধ

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, উভয় পক্ষের সমঝোতায় ট্রাক চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 05:02 PM

Updated : 21 Dec 2023, 05:02 PM

ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী আহতের ঘটনায় চালককে আটকের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানার পরিবহন বেশ কিছু সময় বন্ধ ছিল।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহসহ কমান্ড এরিয়ার ২০ জেলায় সার পরিবহন বন্ধ রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি টিটু মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদরের নান্দিনা থেকে সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক তারাকান্দিতে ফিরছিল।

পথে সরিষাবাড়ী পৌরসভার এলিন মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক রতন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক সোলাইমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ট্রাক শ্রমিকরা সার পরিবহন বন্ধ করে দেয়। পরে আলোচনার মাধ্যমে দুপুরে চালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, উভয় পক্ষের সমঝোতায় ট্রাক চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একজন ট্রাক চালককে পুলিশ আটক করেছিল। এর প্রতিবাদে শ্রমিকরা সার পরিবহন বন্ধ রাখে। পরে সমঝোতা হওয়ায় সার পরিবহন পুনরায় চালু হয়েছে।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]