২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তার অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি করছেন দলিল লেখকরা।

ঝিনাইদহ প্রতিনিধি

Published : 29 Nov 2022, 12:04 AM

Updated : 29 Nov 2022, 08:44 PM

ঝিনাইদহের শৈলকুপার সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দলিল লেখকরা।

সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করায় কোনো দলিল রেজিস্ট্রি হয়নি। এর ফলে গ্রাম থেকে আসা মানুষ দলিল রেজিস্ট্রি করতে এসে ফিরে যান।

দলিল লেখকদের পক্ষে সমিতির সাবেক সভাপতি কালীপ্রসাদ বসু ও সম্পাদক আকতারুজ্জামান মনির অভিযোগ করেন, সাব রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার ২০২১ সালে এ অফিসে যোগদানর পর দুর্নীতিতে জাড়য়ে পড়েন। তার দুর্নীতি এখন মাত্রা ছাড়িয়ে গেছে। দলিল লেখকদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। কর্মস্থলে থাকেন না।

তিনি বেলা ১২টার আগে অফিসে আসেন না এবং কশিমনে দলিল রেজিস্ট্রি করতে গেলে সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা নেন বলে তাদের অভিযোগ।

তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ ব্যাপারে সাব রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার তার বিরুদ্ধে দলিল লেখকদের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের নির্ধারিত ফিয়ের অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হয় না।

একজন দলিল লেখক  এজলাসের সামনে অসদাচরণ করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি সাব রেজিস্ট্রারের।