Published : 27 Apr 2026, 01:24 PM
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরার সময় বজ্রপাতে এক মাছ শিকারির প্রাণ গেছে।
সোমবার সকাল সোয়া ৯টার জগন্নাথপুরের ফেরি ঘাটের পাশে এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি মো. নাসিরউদ্দিন জানান।
নিহত আব্দুল মোতালিব (৫৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
মাইজপাড়া ইউনিয়নের তারাটি গ্রামের মুজিবুর রহমান বলেন, “মাছ শিকারি মোতালিব ও একই এলাকার মুজিবুর রহমানসহ তিনজন সকালে অটোরিকশায় করে নিজ এলাকা থেকে মাছ ধরার জন্য খালিয়াজুরীর ধনু নদের দিকে রওনা হন।
“পথে ফজরের আজানের সময় নেত্রকোণার মদনের হাওরের প্রবেশপথ উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন তারা। পরে জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় গিয়ে বরশি দিয়ে মাছ ধরা শুরু করেন।”
তিনি বলেন, “মাছ ধরার সময় সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মোতালিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাসিরউদ্দিন।