২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় রেস্তোরাঁ থেকে জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

নেতাকর্মীদের এক বছর আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আশুলিয়ায় রেস্তোরাঁ থেকে জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেপ্তার
সাভারের রেস্তোরাঁ থেকে জামায়াতে ইসলামী ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রেস্তোরাঁ থেকে জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান।

তিনি বলেন, গত বছরের জুলাইয়ের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানোর হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- রাজবাড়ীর পাংশা উপজেলার বাগমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৪৫), নাটোরের বাগাতিপাড়ার লুৎফর রহমানের ছেলে আশিকুর রহমান (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জের কাসাড়া গ্রামের বাবুলের ছেলে আনোয়ার (২৯), জামালপুরের মেলান্দহের ঢালুখাবাড়ি চরপাড়ার নাজিমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪২), মেহেরপুরের গাংগীর সাহেবনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল বাশার (৪৩), টাঙ্গাইলের মির্জাপুরের ভাওয়া গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আব্দুল কাদের (৬০), সিরাজগঞ্জ সদরের শিলদাহ গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩৩), আশুলিয়ার নয়ারহাটের ঘুঘুদিয়া এলাকার আলী আকবরের ছেলে আরমান হোসেন (৩৭), মাদারীপুরের শিবচরের সন্ন্যাষীর চর এলাকার আব্দুল মান্নান খানের ছেলে জলিল খান (৪২), লক্ষীপুরের রামগঞ্জের কান্দিরপাড় গ্রামের মো. মুসলিমের ছেলে সোহেল রানা (২৮), চাঁদপুরের মতলব উত্তরের সিকিরচড় গ্রামের মৃত আরশাদ মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৫৩), বগুড়ার ধনুটের বড়মোগাচর গ্রামের আব্দুল কাশেমের ছেলে আব্দুল করিম (২৯), নীলফামারীর ডোমারের উত্তর আমবাড়ি গ্রামের দারাজ উদ্দিনের ছেলে নুরনবী (৩৮), লক্ষীপুরের রামগঞ্জের কালিকাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে তৈয়ব উল্লাহ (৪৭), ময়মনসিংহের ত্রিশালের উরাগাছা গ্রামের মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে মোজাম্মেল হক (৪০), দিনাজপুরের কোতোয়ালির নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩৪), আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার আবু জাফরের ছেলে মানিক (৩৪), বরিশালের মুলাদির চরপদ্মা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. হাসান (৩৫), বরিশাল সদরের চরকালামতি এলাকার আব্দুল মালেকের ছেল জসিম উদ্দীন (৪০), সিরাজগঞ্জের চৌহালীর চৌবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদ হাসান (৪১) এবং গাইবান্ধার পলাশবাড়ীর দিকবাড়ী গ্রামের মো. গুলজার রহমানের ছেলে ফিরোজ কবীর (৩৫)।

তারা সবাই আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও ডেন্ডাবর এলাকার আশপাশের মহল্লায় ভাড়া থাকেন।

পরিদর্শক নির্মল কুমার দাস বলেন, “গোপন সংবাদে জানতে পারি, জামায়াতে ইসলামীর কিছু লোক গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছে। পরে পুলিশে গিয়ে তাদের আটক করে। তাদের ২০২৩ সালের ১ অগাস্টের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৩১ জুলাই সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার ইয়াসিন সুপার মার্কেটের সামনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের নেতা শফিকুর রহমানের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল করে যানচলাচলে বাধা দিচ্ছিলেন।

এ সময় তারা গাড়ির কাঁচ ভাঙচুর শুরু করে। পুলিশ গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। তাদের ইটের আঘাতে পুলিশ সদস্য মাজহারুল ও সাইদুর আহত হন। এ সময় ঘটনাস্থলে আরও পুলিশ উপস্থিত হলে তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ সময় বিস্ফোরিত হাতবোমার অংশবিশেষ যেমন- টিনের কৌটা, চারটি স্প্লিন্টার, পাঁচটি ব্লেডের টুকরা অংশ ও লাল স্কচটেপের পোড়া অংশ, গাড়ির ভাঙা কাঁচের কিছু অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি রাখা হয়েছিল।