Published : 01 Feb 2026, 01:07 AM
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের পথসভায় ইট ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ৮টার দিকে তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারের এ ঘটনায় নিজেদের তিন কর্মী আহত হওয়ার কথা বলেছেন উপজেলা এনিসিপির সভাপতি শামছুল তিব্রিজ।
তিনি বলেন, “শুক্রবার তালতলা বাজারে হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয় ভেঙে দেওয়া হয়। আজ সন্ধ্যায় কার্যালয় পরিদর্শনে আসেন মাসউদ। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।”
শামছুল তিব্রিজের অভিযোগ, “ওই পথসভায় হান্নান মাসউদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে ইট ছুড়ে মারা হয়।”
এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। আজকের হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।”
এনসিপির এ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, “আমি ইতোমধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে ফোন করা হলেও তিনি ধরেননি।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম মোতায়েন করা হয়েছে। অন্ধকার স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”