পাড়ে পড়েছিল জুতা, পুকুরে তল্লাশি করে মিলল ২ শিশুর লাশ
তারা পরিবারের সঙ্গে গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় থাকত।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার নুরুল করিম।
নিহতরা হলো- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ (৯) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে জুনাইদ (৯)।
ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাবা-মা মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।
স্বজন ও প্রতিবেশীরা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে বসবাস ও একই স্কুলে পড়া কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অন্য দিনের মতো ইউসুফ ও জুনাইদকে স্কুলে পাঠিয়ে তাদের পরিবার কারখানায় কাজে যান।
দুপুরে তারা স্কুলে থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ইউসুফের জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও জুনাইদের লাশ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম বলেন, দুই শিশু নিখোঁজের খবরে স্টেশন থেকে একটি ইউনিট পাঠানো হয়। পরে পুকুরে তল্লাশি করে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
