কুড়িগ্রামে ইয়াবা সেবনের ভিডিও আলোচনায়, ছাত্রলীগ নেতার অস্বীকার
“ভিডিওটি যাচাই-বাছাই করে সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ।
কুড়িগ্রামে এক যুবকের ইয়াবা সেবনের ভিডিও নিয়ে তোলপাড় চলছে, যাকে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম হিসেবে চিহ্নিত করছেন অনেকেই।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ইয়াবা সেবন করছেন একজন। আর তাতে সহযোগিতা করছেন আরেকজন, যাকে ছাত্রলীগ কর্মী ফরিদুল বলা হচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “বর্তমান কমিটির সভাপতির মাদক সেবনের ভিডিওটি সত্য। রবিবার উপজেলা যুবলীগের শান্তি সমাবেশে তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।কারণ ভিডিওটি ভাইরাল হবার পর থেকে সর্বত্রই আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে ।”
তবে বিষয়টি ‘ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করছেন ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম। তার কথায়, “ভিডিওতে মাদক সেবনের দৃশ্যে আমার ছবি এডিট করে বসানো হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা আমি নই। মাদক সেবনকৃত ছবির সাথে আমার কোনও মিল নেই।
“আমার নাম ব্যবহার করে ফেইসবুকে ফেক আইডি খুলে যে পোস্ট করা হয়েছে, তা আমার নয়। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করছে। আমি জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
কিন্তু ভিডিওতে থাকা যুবককে ছাত্রলীগ নেতা খাইরুল হিসেবেই চিহ্নিত করছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারও।
তার ভাষ্যে, “খায়রুল আহমেদের মাদক সেবনের ভিডিও সত্য। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে খাইরুল ছিল। তার ছবি কোনও এডিট করা ছবি নয়। সে এডিট করার বিষয় মিথ্যে বলছে। এই বিষয়ে জেলা কমিটিকে জানানো হয়েছে।”
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এর সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
