নেত্রকোণায় আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার
পূর্বধলা থানার ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হলে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। হয়ত স্থানীয়রা খুলে নিয়ে গেছে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণার পূর্বধলা উপজেলা কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টানানো হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম বলেন, “শুনেছি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের একটি ব্যানার পরিত্যক্ত কার্যালয়ের পাশে টানানো হয়। খবর পেয়ে পুলিশ পাঠানো হলে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। হয়ত স্থানীয়রা ব্যানার খুলে নিয়ে গেছে।”
স্থানীয়রা জানান, ৫ অগাস্টের পটপরিবর্তনের পর উপজেলা সদরের মুরগিমহাল এলাকায় থাকা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়সহ তিনটি স্থানে শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।
