গাজীপুরে বৃষ্টিতে মহাসড়কে জলাবদ্ধতা, যানবাহন বিকল, দুর্ভোগ
মহাসড়কে প্রায় হাঁটু পানি জমে গেলে সন্ধ্যার আগ পর্যন্ত ইঞ্জিনে পানি ঢুকে ওই এলাকায় পাঁচটি গাড়ি বিকল হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃষ্টিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে জলাবদ্ধতা দেখা দেওয়ায় সাময়িক ভোগান্তি তৈরি হয় ঈদযাত্রায়। জলাবদ্ধ অংশে কয়েকটি যানবাহন বিকল হলে দুর্ভোগ বাড়ে ঘরমুখো মানুষের।
বৃহস্পতিবার বিকালের বৃষ্টিতে মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে ময়মনসিংহমুখী দেড় কিলোমিটার এলাকায় এই জলাবদ্ধতায় চলাচল বিঘ্নিত হওয়ায় গাড়ির লম্বা সারি তৈরি হয়।
তবে রাত সাড়ে ৮টার মধ্যে পানি সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিমল চন্দ্র বর্মন।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়ক উন্নয়নে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, মহাসড়কের লেনগুলো পুরোদমে চালু না হওয়ায় মহাসড়কে জুড়েই যানবাহন চলছে ধীর গতি নিয়ে।
এর মধ্যে বৃহস্পতিবার বিকালে ভারী বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের ভোগড়া বাইপাস থেকে ময়মনসিংমুখী দেড় কিলোমিটার এলাকায় একাধিক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মহাসড়কের কয়েকটি পয়েন্টে দীর্ঘ সময় পানি জমে থাকে ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, ঈদের ছুটিতে চাকুরেদের শেষ কর্মদিবসের বিকালে গ্রামে ফিরতে গাজীপুরে বিভিন্ন সড়ক-মহাসড়কে যাত্রী সংখ্যা বেড়ে যায়। একইসঙ্গে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
ঘরমুখো মানুষের যাত্রা পথে বৃহস্পতিবার বিকালে বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়ায় বৃষ্টি।প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড়ের উত্তর দিকে কয়েক স্থানে প্রায় হাটু পরিমাণ পানি জমে যায়।
ফলে ভোগড়া বাইপাস থেকে ময়মনসিংহমুখী এবং ঢাকামুখী লেনে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান বাহন চলাচলে ধীরগতি দেখা দেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
স্বজনদের সঙ্গে ঈদ করতে পরিবার নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার ছনকান্দা এলাকায় যেতে বিকালে ভোগড়া বাইপাস মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন আব্দুল মতিন।
তিনি বলেন, ভোগড়ার বাসা থেকে বিকালে বের হওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না। আকাশে কিছু মেঘের আনাগোনা হলেও ভেবেছিলেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারবেন। কিন্তু বাসের জন্য অপেক্ষা করতে করতেই বৃষ্টি শুরু হয়। সড়কে জমে যায় পানি।
পরে বৃষ্টি মাথায় নিয়ে পানি মাড়িয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বাসে উঠতে হয়েছে তার মতো আরো অনেকেই।
গাজীপুরের সৌখিন বাস পরিবহনের বাস চালক আবুল হোসেন বলেন, “ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহ্পুর থেকে গাড়ি ঘুরিয়ে ফের ময়মনসিংহের যাত্রী তুলছিলাম। কিন্তু গাজীপুর মহানগরে ঢুকতেই হঠাৎ বৃষ্টিতে পড়তে হয়েছে।
“এতে দীর্ঘ সময় দাঁড়িয়েও যাত্রী পাচ্ছি না। মহাসড়কের পানির কারণে যাত্রীরা বাসের কাছে আসতে পারছে না। আবার পুলিশ বাস নিয়ে মহাসড়কের পাশে দীর্ঘ সময় দাঁড়াতেও দিচ্ছে না।”
এছাড়া গাড়ির চালকরাও ট্রাফিক আইন মেনে নির্ধারিত লেন মেনে না চলায় মাঝে-মধ্যেই গাড়ির জট তৈরি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিমল চন্দ্র বর্মন জানান, প্রচুর বৃষ্টিতে মহাসড়কে প্রায় হাঁটু পানি জমে গেলে অনেক নীচু গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হয়ে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত ওই এলাকায় পাঁচটি গাড়ি বিকল হয়ে যায়। এসব গাড়ি সরাতে বেশ বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, মহাসড়কের পাশে ড্রেন থাকলেও পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিপাত হলেও রাস্তায় দীর্ঘ সময়ের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের ১০টি রেকার কাজ করছে। যেকোনো গাড়ি বিকল হলে তৎক্ষণাৎ আমরা সেখান থেকে সরিয়ে ফেলতে পারবো।
