১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির মামলা: সভা থেকে বেরিয়ে গ্রেপ্তার বাগেরহাটের ৫ কাউন্সিলর

এ ছাড়া মোংলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 08:04 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

প্রশাসনের সঙ্গে সভা করে বেরনোর পর পরই বাগেরহাট পৌরসভার আওয়ামী লীগপন্থি পাঁচ কাউন্সিলরকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাসেলুর রহমান জানান।  

তারা হলেন- বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সলির শেখ আবুল হাসেম শিপন, জেলা শ্রমিক লীগের সভাপতি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম ডালিম এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আসমা আজাদ।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌরসভার নিয়োগ করা প্রশাসকের সঙ্গে একটি সভায় যোগাদান করেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার সময় তাদের গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাসেলুর রহমান বলেন, গ্রেপ্তারদের বাগেরহাট সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়া অন্য আরও মামলা রয়েছে কি-না তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 

মোংলায় অস্ত্রসহ গ্রেপ্তার ২ সহোদর

মোংলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। 

বুধবার সকালে পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান।  

গ্রেপ্তাররা হলেন- ফিরোজ আহমেদ (৩৮) ও তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫)। তাদের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালি এলাকায়। 

তাদের কাছ থেকে একটি শটগান, একটি একনলা বন্দুক, ৩৮টি গুলি এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এই অবৈধ অস্ত্র দিয়ে তারা কী অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। 

তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।