২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে হলুদের রাতে তরুণীর আত্মহত্যা, বিষপান করে হাসপাতালে ‘প্রেমিক’

তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 11:44 PM

Updated : 06 May 2023, 12:09 AM

কুমিল্লায় গায়ে হলুদের রাতে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন নিহতের ‘প্রেমিক’।

শুক্রবার ভোরে নগরীর বাগিচাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান।

নিহত শারমিন আক্তারের (২৩) বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়।

ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, “শুক্রবার ভোরে খবর পাই, বাগিচাগাঁও এলাকায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা তরুণীকে নামিয়ে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করলে স্বজনরা অ্যাম্বুলেন্সে মরদেহ বাসায় নিয়ে আসেন।

শারমিনের স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, ২০২০ সালের শেষের দিকে শারমিন আক্তারের বিয়ে ঠিক হয়। কিন্তু তার ভাই বিদেশে থাকায় শুক্রবার (৫ মে) বিয়ের তারিখ নির্ধারণ করা হয়।

“বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান শেষে নিজের কক্ষে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শারমিন। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টির তদন্ত চলছে; তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এদিকে, শারমিনের মৃত্যুর খবর শুনে একই উপজেলার পালপাড়া এলাকায় মো. রনি নামের এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে শারমিন আক্তারের সঙ্গে দেখা করতে আসেন মো. রনি। পরে শারমিনের স্বজনরা অনুষ্ঠান থেকে রনিকে চলে যেতে বলেন।

রনির বোন শান্তা আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, শারমিনের সঙ্গে প্রায় এক বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় শারমিনের ভাই এ বিয়ে মেনে নেননি। এমনকি ডিভোর্স ছাড়াই অন্যত্র শারমিনের বিয়ে ঠিক করা হয়।

শান্তা আক্তারের দাবি, শারমিন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।