২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: তিন জেলার ছয় কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা 

দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার জানান।

পরিবেশ দূষণ: তিন জেলার ছয় কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা 

অভিযানে পরিবেশ অধিদপ্তর

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 11:37 PM

Updated : 31 Oct 2022, 11:37 PM

পরিবেশ দূষণের দায়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ছয়টি কারখানাকে প্রায় ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার কারখানাগুলোর কর্তৃপক্ষকে সদরদপ্তরে ডেকে শুনানি শেষে এ জরিমানা করা হয় বলে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার জানান। 

তিনি জানান, অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী শুনানি করেন। এ সময় ওই ছয় কারখানার মালিক/প্রতিনিধিরা হাজির ছিলেন। পরে পরিবেশ দূষণের দায়ে ঢাকায় অবস্থিত বেইস পেপার মিলস লিমিটেডকে এক লাখ ১৯ হাজার ৪০ টাকা, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ১৪ লাখ ১৬ হাজার টাকা, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিস লিমিটেডকে ৪২ হাজার টাকা এবং নারায়ণগঞ্জে রনি নিট কম্পোজিটকে এক লাখ ৩৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।  

এ ছাড়া একই কারণে গাজীপুরে এমএনএস ইয়ার্ন ডাইং লিমিটেডকে তিন লাখ ১৯ হাজার ৪৮৮ টাকা এবং সুরমা প্রিন্টিং অ্যান্ড এক্সেসরিজকে ২ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।  

পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা  

ইয়াসমিন আক্তার আরও জানান, ঢাকা মহানগরের যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আটটি দোকান থেকে দুই হাজার ১৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। এ সময় পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে এ পরিবেশ কর্মকর্তা জানান।