২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না: মোস্তাফিজার

দলের নেতাকর্মীদের নিয়ে ‘সব ষড়যন্ত্র’ রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 10:43 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেছেন, “জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস নয় বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।” 

শুক্রবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে আয়োজিত জেলা ও মহানগরের যৌথ কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশিদিন টিকতে পারবেন না।”

জাতীয় পার্টিকে নিয়ে ‘যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন’, তাদের ‘সাবধান করে’ রংপুরের সাবেক এ মেয়র বলেন, “বুকের তাজা রক্ত ঢেলে দেবে তবুও রংপুরের মানুষ পিছু হটবে না। যেকোনো মূল্যে তারা রংপুরে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে।” 

দলের নেতাকর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলার সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টিরসহ সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।