Published : 05 Aug 2023, 02:59 PM
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা।
নিহত আব্দুর সাত্তার (৪৫) জামালপুরের ইসলামপুর থানার বাদশা মিয়ার ছেলে। তিনি টঙ্গীর বৌ-বাজার এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতেন।
এসআই ছোটন বলেন, শুক্রবার রাতে আব্দুর সাত্তার বউবাজার এলাকার রেললাইন পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা খবর দিলে মধ্যরাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে।
শনিবার ভোরে আবেদনের প্রেক্ষিতে লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রেল পুলিশের এই কর্মকর্তা।