Published : 08 Apr 2026, 05:15 PM
বগুড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকার বাড়ির শোবার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধারের খবর জানান শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান।
নিহত ৩২ বছর বয়সী শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে মিন্টু মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না। বিয়ের পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল এবং তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
“পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু স্ত্রী শিল্পীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় মিন্টুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।