১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জেলের ছদ্মবেশে অভিযান: চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ

উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 02:59 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ।

উপজেলার খুটাখালী নদীতে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “একটি ট্রলারে করে খুটাখালী নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে বলে রোববার রাতে গোপন খবর আসে।এরপর চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশ নিয়ে অভিযান শুরু করি।

“এক পর্যায়ে মাদক পাচারকারিদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানও সেখানে ছিল বলে জানতে পেরেছি।“  

ওই সময় মাদক পাচারকারিদের রেখে যাওয়া একটি ট্রলার জব্দ করার খবরও ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

তিনি বলেন, “ ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের পাঁচটি ড্রাম উদ্ধার হয়। সেখান থেকে ১২ লাখ ৫০টি ইয়াবা পাওয়া যায়; যার আনুমানিক বাজারমূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।”