উৎসাহ-উদ্দীপনা নিয়ে তারেকের অপেক্ষায় টাঙ্গাইলের নেতাকর্মীরা
এর আগে ২০০৪ সালে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার এলেও কোনো জনসভায় বক্তব্য দেননি।
টাঙ্গাইল জেলায় প্রথমবারের মতো রাজনৈতিক জনসভায় অংশ নিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে সভাস্থল যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
তেমনই একজন জহিরুল ইসলাম। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদর থেকে সভাস্থলে এসেছেন দুপুর দেড়টায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এসেছি কারণ সভা মঞ্চের সামনে বসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে এবং তার কথা শুনতে। তারেক রহমান টাঙ্গাইলবাসীর জন্য কী দিকনির্দেশনা দেন সেটিই শুনতে সরাসরি এখানে এসেছি।”
বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।”
সমাবেশে টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থী উপস্থিত রয়েছেন। তারা হলেন— ফকির মাহবুব আনাম (টাঙ্গাইল-১), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), এস এম ওবায়দুল হক (টাঙ্গাইল-৩), লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭) ও আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮)।
দীর্ঘ ২১ বছর পর শনিবার টাঙ্গাইল সফরে আসছেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার এলেও কোনো জনসভায় বক্তব্য দেননি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।
একে ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে এরই মধ্যে একাধিকবার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।
এদিকে সভাস্থল ও এর আশেপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সভাস্থল ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি দায়িত্ব পালন করছে।
