শেরপুর কারাগার থেকে পালানো হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২
র্যাব জানায়, তাদের একজন বিচারাধীন হত্যা মামলার হাজতি এবং অন্যজন ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি।
শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকালে শেরপুর জেলা কারাগার থেকে পালানো হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত এক কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে যৌথভাবে শেরপুরের নালিতাবাড়ী থানাধীন নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিকে ও ঝিনাইগাতী উপজেলা থেকে হত্যা মামলার বিচারাধীন হাজতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হত্যা মামলার আসামি হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া (১৯) এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি (৭০)।
পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকালে কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে হামলা চালায়। হামলাকারীরা স্থাপনার ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ বন্দিকে কারাগার থেকে পালাতে সহায়তা করে।
কারাগার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সরবরাহ করা তালিকা ধরে পলাতক বন্দিদের গ্রেপ্তার অভিযানে নামে র্যাব ও পুলিশ।
