Published : 22 Jul 2026, 09:11 PM
চব্বিশের জুলাই আন্দোলনে যারা মানুষকে হত্যা করেছে, তাদেরকে বিএনপি নেতাকর্মীরা ‘টাকার বিনিময়ে যোগসাজস করে’ জেল থেকে ছাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, “২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটিও তারা দখলে নিয়েছে।”

“আমরা বলেছিলাম, শহীদ আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কিন্তু তারা আবু সাইদের সেই স্বপ্নকে ভঙ্গ করেছে।”
বুধবার বিকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সামবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে কুড়িগ্রাম কলেজ মোড় জুলাই স্তম্ভ হতে একটি পদযাত্রাটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বুধবার বিকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে কুড়িগ্রাম কলেজ মোড় জুলাই স্তম্ভ হতে একটি পদযাত্রাটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “মানুষের পকেটের টাকা নিয়ে বিএনপি কৃষিকার্ড সহ বিভিন্ন কার্ড করেছে। আমরাও কয়েকটি কার্ড চালু করব। এক নম্বর ‘সন্ত্রাসী কার্ড’ বিএনপিকে দেওয়া হবে; দুই নম্বর ‘চাঁদাবাজি কার্ড’ ছাত্রদলকে দেওয়া হবে; তিন নম্বর ‘দখল কার্ড’ যুবদলকে দেওয়া হবে।
“আর একটা সম্মিলিত কার্ড হবে ‘লাল কার্ড’; প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সেই ‘লাল কার্ড’ ধরিয়ে দেওয়া হবে।”
এ সময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিপক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “বিএনপি শুধু বৈষম্য করছে না, তারা প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কারে বাধা দিচ্ছে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “দেশি-বিদেশি কিছু মহল প্রত্যেকটি সীমান্তবর্তী অঞ্চলে মাদক ঢুকিয়ে তরুণদেরকে মাদকাসক্ত করে বিপথে পরিচালিত করছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগের সময় শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের দলীয়করণ, বরাদ্দ থেকে উন্নয়নের নামে লুটপাট করে শিক্ষাব্যবস্থা দিনে দিনে নষ্ট করা হয়েছে।”
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা আক্তার।