রংপুরে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি আবারও রিমান্ডে
“মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিজন ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার সকালে রংপুর মহানগর মুখ্য হাকিম আদালতে আসামিকে তুলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই বিজন ১০ দিনের রিমান্ড চান।
এ সময় বিচারক আসাদুজ্জামান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রংপুর কোতোয়ালি থানার এসআই নুরুন্নবী।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভার থেকে তুষার কান্তিকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এর আগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গত ১৯ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। গত ২৫ অগাস্ট নিহতের সহধর্মিণী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এর আগে গত ১৮ আগস্ট মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় তার মা আম্বিয়া বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, “গত ১৯ জুলাই সন্ধ্যায় ছাত্র-জনতার একটি মিছিল রংপুর সিটি কর্পোরেশনের ফুটওভার ব্রিজের কাছে যায়। এ সময় আসামিরা অস্ত্র নিয়ে মিছিলে বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুরের পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসিতে উঠে গুলি ও ইটপাটকেল ছোড়ার নির্দেশ দেন।
“এ সময় আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি ও ইটপাটকেল মারতে শুরু করেন। এক পর্যায়ে মেরাজুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।”
৩৫ বছর বয়সী মেরাজুল রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার শামসুল হক-আম্বিয়া বেগম দম্পতির ছেলে ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি নগরীর সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন।
