আন্দোলনে ছাত্র হত্যা, রংপুরে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত এক শিক্ষার্থী হত্যা মামলায় দুই দিন আগে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রংপুর মহানগর মুখ্য হাকিম আদালতে আসামিকে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক আসাদুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রংপুর কোতোয়ালি থানার এসআই নুরুন্নবী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুন্নবী বলেন, মঙ্গলবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এ ছাড়া আরও তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এসআই নুরুন্নবী।
