২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে আগুন, ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ

ট্রান্সফরমার ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

সাতক্ষীরায় সদরে বিদ্যুতের প্রধান পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলাজুড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকার ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমায় বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম। 

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে হঠাৎ একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ট্রান্সফরমার ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় শহর ও গ্রামীণ জনজীবনে ভোগান্তি দেখা দেয়।