২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক

পাঁচ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সিলেটে মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক

পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 09:11 PM

Updated : 11 Sep 2022, 09:11 PM

পুলিশের হয়রানি বন্ধ,ভাঙা রাস্তা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

রোববার দুপুরে সিলেটের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সভা শেষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাঁচটি দাবি জানিয়ে পরিষদের উদ্যোগে ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সব সেক্টরেও পাঠানো হয়েছে। এ ছাড়া একই দাবিতে ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“কিন্তু এরপরও আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি ও শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙা রাস্তাগুলোর দ্রুত সংস্কার করা, নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া ও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখা।

শ্রমিক নেতা ময়নুল জানান, মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। পাঁচ দফা দাবি না মানা পর‌্যন্ত ধর্মঘট চলবে।

সভায় আরও উপস্থিত ছিলেন-সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, ইমা লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়নের সভাপতি রনু মিয়া মঈন, সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক জোটের সভাপতি আব্দুল হালিম ভাসানী, সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন।