Published : 09 Sep 2026, 05:41 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ২২৫টি ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. মাহবুবুল হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) তারিকুর রহমান তারিক।
দণ্ড পাওয়া নয়ন মিয়া (৪০) উপজেলার দক্ষিণ উমানন্দ (জামিরবাড়ি) এলাকার নজরুল ইসলামের ছেলে।
মামলার বরাতে পিপি তারিকুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ২০১৭ সালের ১৩ জুন নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন পালিয়ে যান। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় নয়নের শোবার ঘরে তল্লাশি চালানো হয়।
সেই সময় নয়নের বিছানা ও বালিশের নিচ থেকে ২২৫টি ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য দেখানো হয় ৯০ হাজার টাকা। এ ছাড়া ঘরে মাদক বিক্রির নয় হাজার ৫০ টাকা পাওয়া যায়।
তারিকুর রহমান বলেন, পরে নয়নকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আতাউর রহমান প্রধান। একই বছরের ২৮ অগাস্ট নয়নের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
তিনি বলেন, এর মধ্যে আসামি নয়ন জামিন নেওয়ার পর আত্মগোপনে চলে যায়। পরে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তারিকুর রহমান।