বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ট্রাক চালকের
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার কাঞ্চনপুর এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান।
মৃত ট্রাকচালক শাহীনুর রহমান (৪০) যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, “গরুবোঝাই ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয় এবং ট্রাকে থাকা আটটি গরুও মারা যায়।”
ট্রাক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
