চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু, গাড়ি ফেলে পালাল চালক
কয়েকদিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ৫৫ বছরের ওই নারী।
চুয়াডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে গেছেন চালক।
শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান।
নিহত ছকিনা খাতুন (৫৫) জীবননগর উপজেলার নিধীকুণ্ড গ্রামের প্রয়াত ছলিম উদ্দিনের স্ত্রী। চার-পাঁচ দিন আগে তিনি হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ওসি মারুফ বলেন, দুপুরে সড়ক পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস ছকিনাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মাইক্রোবাসটি জব্দ করে।
এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
