ইছামতীতে ধরা পড়ল ১০ কেজির বোয়াল
বর্ষার শুরুতেই পদ্মার পানি প্রবেশ করেছে ইছামতীতে; এরপর থেকেই বোয়াল ধরা পড়ছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর পদ্মাপাড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে মাছটি ধরা পড়ে বলে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী জানান।
স্থানীয়রা জানান, বর্ষা মওসুমের শুরুতেই পদ্মার পানি প্রবেশ করে ইছামতী নদীতে। এরপর থেকেই নদীতে ছোট বোয়াল ধরা পড়ছিল। মঙ্গলবার সকালে স্থানীয় জেলে গণেশ হালদার জাল ফেললে ১০ কেজি ওজনের ওই বড় বোয়ালটি ধরা পড়ে।
পরে বাহাদুর বাজারের ব্যবসায়ী বিমল ও তার ভাই ঝিটকা বাজারের স্বর্ণ ব্যবসায়ী কমল দাস মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন।
সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক আজিম মিয়া বলেন, “আমার বাড়ির সামনে ইছামতী নদীতে গণেশ হালদারের ভেশালে (জাল) ১০ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। পরে বাহাদুরপুর বাজার ব্যবসায়ী বিমল ও তার ভাই মাছটি কিনেছেন।”
জানতে চাইলে কমল দাস বলেন, “অনেক দিন ধরেই বড় বোয়াল খুঁজতেছিলাম। আজ পেয়ে গেছি, তাই কিনে ফেলেছি।”
মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, পদ্মার বড় মাছ খুব সুস্বাদু হয়। মাঝেমধ্যে এমন বড় মাছ ধরা পড়তে দেখা যায়। বড় মাছ পেয়ে জেলেরা খুবই খুশি হয়।
