২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন মাসে ২৩৮ আগুন, বিদ্যুতে বেশি

এই সময়ে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক সাত কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকার।

বিডিনিউজ২৪

তানভীর দিপু, কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 10:42 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

বছরের শুরুর তিন মাসেই কুমিল্লাতে প্রায় আড়াইশ অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ৭৯টি, ফেব্রুয়ারিতে ৬৫টি এবং মার্চ মাসে সর্বোচ্চ ৯৪টি ঘটনা ঘটেছে। 

১৩টি ফায়ার স্টেশন থেকে মোট ২৩৮টি অগ্নিকাণ্ডের তথ্য জানা গেছে বলে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান। 

এপ্রিল মাসের শুরুতে চৌদ্দগ্রামে শত্রুতাবশত বাড়িঘরে আগুন এবং জাঙ্গালিয়া বাস টার্মিনালে একই সঙ্গে তিন এসি বাসে আগুনের ঘটনা বেশ আলোচনা সৃষ্টি করে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ এই তিন মাসে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক সাত কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকার। 

অপরদিকে আগুনের ক্ষয়ক্ষতি থেকে জানুয়ারি মাসে উদ্ধার করা হয়েছে ছয় কোটি ৫৫ লাখ ২৯ হাজার মালামাল, ফেব্রুয়ারি মাসে চার কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার মালামাল এবং মার্চ মাসে ১৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল। 

২৩৮টি দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ১০৭টি আগুন লেগেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। বিড়ি-সিগারেট টুকরা থেকে ২৪টি, চুলা থেকে ৩৫টি, গ্যাস সিলিন্ডার থেকে ১১টি, গ্যাস লাইন লিকেজ থেকে সাতটি, কয়েল থেকে নয়টি অগ্নিকাণ্ড ঘটেছে। 

এ ছাড়া শত্রুতামূলক অগ্নিসংযোগ, উত্তপ্ত ছাইসহ নানান কারণে আগুন লাগার ঘটনা ঘটে। 

পরিসংখ্যানে দেখা গেছে, ৪৪ শতাংশ আগুন বৈদ্যুতিক গোলযোগে এবং বিদ্যুৎ সংশ্লিষ্টতায় ঘটেছে। বাকি যেসব কারণে অগ্নিকাণ্ড ঘটে এর বেশির ভাগ ঘটনার পেছনেই অসচেতনতা দায়ী।  

বৈদ্যুতিক গোলযোগের কারণে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বাড়িঘরে ঘটনার তথ্যই বেশি পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন কলকারখানা কিংবা পণ্যের গুদামে মশার কয়েল কিংবা সিগারেট- বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকে। 

সম্প্রতি বিভিন্ন এলাকায় রান্নার চুলার গ্যাস লাইনের লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

লালমাই উপজেলার সংবাদকর্মী প্রদীপ মজুমদার বলেন, “ভুলুইন উত্তরে এবং বেলঘর উত্তরে পর পর দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা জেনেছি, সেসব দুর্ঘটনা বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছে। আর যেহেতু লালমাই উপজেলাতে ফায়ার সার্ভিস স্টেশন নেই, অন্য  উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করতে করতে সব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।” 

তিনি আক্ষেপ করে বলেন, “লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস নেই। তার ওপর এই উপজেলার সড়কগুলো সরু। দূর-দূরান্ত থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোও কষ্টসাধ্য। অনেক সময় ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো ফোনও রিসিভ করেন না।” 

কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় মোট ১৩টি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে। এর মধ্যে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। 

ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার্স কোঅর্ডিনেটর নাইমুল হাসান মজুমদার বলেন, সাধারণ মানুষের মধ্যে অগ্নি-নির্বাপণ জ্ঞান ছড়িয়ে দিতে হবে। কোথাও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে বরং তা বিস্তৃত হওয়ার আগে বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িঘর, দোকানপাট কলকারখানায় অবশ্যই সচল ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। প্রতি ছয় মাস অন্তর অন্তর বাড়ি ঘরের বৈদ্যুতিক সংযোগ এবং গ্যাসের সংযোগ পরীক্ষা করতে হবে। 

নাইমুল হাসান মজুমদার বলেন, “আমাদের মোবাইলে হাজার হাজার নম্বর থাকে কিন্তু ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি নম্বরটি থাকে না। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর হচ্ছে ১০২। এ ছাড়া জরুরি সেবা নম্বর ৯৯৯ করেও ফায়ার সার্ভিসকে পাওয়া যায়। সবার উচিত ফায়ার সার্ভিসে যোগাযোগের নম্বরটি সব সময় প্রকাশ্যে রাখা।” 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবির বলেন, “বিভিন্ন সরকারি স্থাপনায় বৈদ্যুতিক সংযোগের জন্য গণপূর্ত বিভাগ কাজ করে। বেসরকারি স্থাপনাগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে থাকে। তারা কখনোই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে সংযোগের জন্য পরামর্শ গ্রহণ করে না। তবে কেউ যদি আমাদের সহযোগিতা চায় আমরা নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য সহযোগিতা করব।”