সিলেটে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী ব্যক্তি।
সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার প্রবাসী উদ্যোক্তাদের একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মইনুল ইসলাম বাদী হয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৪ ধারায় লিখিত অভিযোগটি দেন।
তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “এটা আমরা খতিয়ে দেখছি।”
তবে ভোক্তা অধিকারের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তার ভাষ্য, “অভিযানে তার প্রতিষ্ঠানকে জরিমানা করায় এমন নাটক সাজিয়েছেন মইনুল ইসলাম।”
তবে মইনুল ইসলাম বলেন, “মাতৃভূমির টানে লন্ডনের আয়েশি জীবন ছেড়ে দেশে বিনিয়োগ করে এভাবে হয়রানির শিকার হব তা কল্পনাও করিনি।”
মইনুলের অভিযোগে বলা হয়েছে, সিলেট জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ একাধিকবার তার ট্রিটপ অ্যাডভেঞ্চার ফার্মে ব্যক্তিগতভাবে ঘুরতে এসেছেন। ফার্মের পরিচালক ও ব্যারিস্টার মইনুল ইসলামের সহধর্মিণী পলি ইসলাম নিজে মাসুদকে সম্পূর্ণ বিনামূল্যে ফার্মটি ঘুরে দেখার সুযোগ দেন।
দু'দফা মাসুদ ফার্মটিতে ব্যক্তিগতভাবে আসেন। দ্বিতীয় দিন কোনো ধরনের অনুমতি ছাড়াই ট্রিটপ অ্যাডভেঞ্চারের রান্নাঘরে প্রবেশ করেন। কিন্তু কিছুই না পেয়ে তিনি চলে যান। পরে একদিন তার আত্মীয়ের একটি অনুষ্ঠান ফার্মে আয়োজনের জন্য ফোন করেন মাসুদ।
মইনুল ইসলাম বলেন, “সেই অনুষ্ঠানের ভাড়ার টাকায় যথাযথ ডিসকাউন্ট দেওয়া হয়। কিন্তু যেটি উনাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।
“এসব ঘটনায় আমিরুল ইসলাম মাসুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে ঘটনার প্রায় ৬ মাস পর গত ১৪ মে মঙ্গলবার হঠাৎ তিনজন সশস্ত্র আনসারসহ তিনি এসে প্রতিষ্ঠানের উপস্থিত হন।
তিনি কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ফার্মটির রান্নাঘরে প্রবেশ করে ফ্রিজ খুলেন। এ সময় ফ্রিজে থাকা একটি পানীয়র বোতল অর্ধেক কেন রাখা হয়েছে তা জানতে চান।
এ সময় মাসুদ ট্রিটপ অ্যাডভেঞ্চার ফার্মের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ এনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জরিমানা নিষ্পত্তির নোটিসও দেন।”
ব্যারিস্টার মইনুল ওই নোটিস গ্রহণে অস্বীকৃতি জানালে পরদিন মাসুদ নিজের স্বাক্ষর করে আরেকটি নোটিস দেন।
নোটিসে তিনি মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রয়ের পাশাপাশি জুস তৈরিতে পচা ফলের ব্যবহার, অভিযানে অংশ নেওয়াদের বিরুদ্ধে অসদাচরণ, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বাধা প্রদানের অভিযোগ আনা হয়।
এসব ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, “১৪ মে সাধারণ ভোক্তার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি টিম নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযানে যাই। সেখানে ফ্রিজে অসংখ্য মেয়াদোত্তীর্ণ পানীয় পাওয়া যায়। পাশাপাশি নোংরা কিচেন, লেবেলবিহীন বিদেশি সিরাপ, মেয়াদোত্তীর্ণ মসলা ও নিষিদ্ধ ক্যামিকেল খাবারে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসবের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এর জেরে প্রতিষ্ঠানটি মিথ্যা প্রচারণা চালাচ্ছে যাতে অধিদপ্তর এবং নিজের সম্মানহানি ঘটছে মন্তব্য করে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, “প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই প্রতিষ্ঠান থেকে আমি কিংবা আমার পরিচিত কেউ কোনো ধরনের সুযোগ-সুবিধা নেয়নি। আমার কোনো পারিবারিক অনুষ্ঠানও কোনোদিন তাদের প্রতিষ্ঠানে হয়নি।
জরিমানার হাত থেকে বাঁচার জন্যই এসব মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মনে করেন আমিরুল ইসলাম মাসুদ।
