শেরপুরে ৪ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ
নিয়ম অনুযায়ী, সংরক্ষিত বনভূমি থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে কোনো করাত কল স্থাপন করা যায় না।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি করাত কলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করেছে বনবিভাগ।
সোমবার সকালে উপজেলা প্রশাসন এবং বনবিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক যন্ত্রাংশ ও কাঠ জব্দের নির্দেশ দেন।
ময়মনসিংহ বনবিভাগের বালিজুরী রেঞ্জের কর্মকর্তা মো. সুমন মিয়া সাংবাদিকদের বলেন, বন নীতিমালা অনুযায়ী, সংরক্ষিত বনভূমি থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে কোনো করাত কল স্থাপন করা যায় না। নিয়ম ভঙ্গ করে ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়া চারটি করাত কল স্থাপন করেন।
তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা গ্রাহ্য করেননি। ফলে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।
অভিযানের সময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণঝোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রাকিব, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন, শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
