২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মিটার থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে নিহত দুই

এতে এক কিশোর আহত হয়েছে।

শেরপুরে মিটার থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে নিহত দুই
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 10:55 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের মিটার থেকে ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে দুজন নিহত হয়েছেন। 

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান।

নিহতরা হলেন, মজিদবাড়ি গ্রামের পারভীন আক্তার (৩৫) ও তার চাচাশ্বশুর ফিরোজ মিয়া (৪০)। 

এ সময় ফিরোজের ছেলে রোকন মিয়া (১৩) সামান্য আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল কাদের মিয়া জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হাওয়ায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়ে গত সোমবার রাত থেকে পুরো নকলা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে পিডিবি মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও পল্লী বিদ্যুৎ সংযোগ চালু করে বুধবার বিকাল ৫টার দিকে। 

সংযোগ চালু করার সঙ্গে সঙ্গে খুঁটির সঙ্গে থাকা তাদের মিটার  থেকে বিদ্যুতের তারটি বিচ্ছিন্ন হয়ে পারভীনের শরীরে গিয়ে পড়ে। পারভীন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাকে বাঁচাতে চাচাশ্বশুর ফিরোজ এগিয়ে আসেন। তখন তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। ফিরোজকে বাঁচাতে তার ছেলে রোকন এগিয়ে এলে সে সামান্য আহত হয়।

পরে এলাকাবাসী পারভীন ও ফিরোজকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।