Published : 17 Nov 2024, 11:41 PM
তিন দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না হলে ঢাকা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে রংপুরের ছাত্র-জনতা।
রোববার রাতে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক ইয়াসীর আরাফাত, আলমগীর নয়ন।
এ সময় নেতারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের পর দেশে ‘বিপ্লব’ ঘটে। সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরবঙ্গ থেকে একজনও উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তীতে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরবঙ্গের ছাত্র-জনতার মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি রংপুরে দুইজন উপদেষ্টা আসলে তারা এই বিষয়ে কোনো আলোচনা করেননি। এতে উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হবে।
উপদেষ্টা নিয়োগের দাবির কারণ হিসেবে বলা হয়- ১. অবকাঠামোগত উন্নয়ন: দীর্ঘ ১৫ বছর ধরে রংপুর অঞ্চল উন্নয়ন বঞ্চিত, তাই এখানে উপদেষ্টা নিয়োগ জরুরি। ২. কৃষি উন্নয়ন: রংপুর অঞ্চলের কৃষকদের উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে অবদান থাকা সত্ত্বেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। ৩. তিস্তা পরিকল্পনা: তিস্তা নদী সংশ্লিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গের উপদেষ্টার প্রয়োজন। ৪. ক্ষমতার বিকেন্দ্রীকরণ: রংপুরের উন্নয়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে উপদেষ্টা নিয়োগ অপরিহার্য।
নেতারা বলেন, তারা বিশ্বাস করেন, দ্রুত উপদেষ্টা নিয়োগের মাধ্যমে রংপুর ও উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ প্রশমিত হবে।