২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আহত অবস্থায় ময়ূর উদ্ধার

বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। 

রোববার সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান। 

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করেন। তখন ভুট্টা ক্ষেতের জালে আটকা পড়ে আহত হয় ময়ূরটি। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে নিজ বাড়িতে রাখেন। ময়ূরটির ওজন প্রায় চার কেজি। 

সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগ ময়ূরটিকে উদ্ধার করে।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, “ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বনবিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”