হবিগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ড: ৩ জনের প্রাণদণ্ড
ডাকাতদের চিনে ফেলায় তাদের হত্যা করা হয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় তিজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান খান জানান।
দণ্ডিতরা হলেন-সিলেট জেলার শাহপরাণ থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান ও একই উপজেলার ডুবাঐ এলাকার মহিব উল্লাহর ছেলে মনির মিয়া।
রায় ঘোষণার পর দণ্ডিদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি বাসার তৃতীয় তলায় কাঁচামাল ব্যবসায়ী সনজিত দাস তার স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও মেয়ে পূজা রানী দাসকে (৮) নিয়ে ভাড়া থাকতেন।
২০২১ সালের ১৮ মার্চ রাতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের চিনে ফেলায় মা-মেয়েকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
পরদিন সকালে তাদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়। পরে এ ঘটনায় সনজিত বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে বাহুবল থানার তৎকালীন ইন্সপেক্টর প্রজিৎ কুমার দাস ২০২২ সালের ৩১ অগাস্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
মামলায় ২০ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান।
তিনি বলেন, “আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিত দাসের পরিবার। আমরা চাই, দ্রুত যেন এ রায় কার্যকর করা হয়।”
