কুড়িগ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন
কোদালকাটি চরের ৪২০ পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হত বলে এ সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে বলে জানায় কর্তৃপক্ষ।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌর বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ওই এলাকার ৪২০টি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে বলে জানান ওই প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান।
তিনি বলেন, সকালের দিকে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে অগ্নিকাণ্ডে প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, আটটি অফ গ্রিট মেশিন, আটিটি অন গ্রিট মেশিন পুড়ে যায়। এ ছাড়া অন্যান্য মূল্যবান জিনিসপত্রও পুড়ে যায়।
এতে ৮-৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০ পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হত। এখন তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল।
তবে কবে নাগাদ এ প্রকল্প চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি সৌর বিদ্যুৎ প্রকল্পের এই কর্মকর্তা।
কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, “এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০ পরিবার বিদ্যুৎ পেত। আগুন লেগে সবকিছু পুড়ে হয়েছে। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি।"
রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, “ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত হয়েছি।”
