২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ‘আধিপত্য বিস্তার’ নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছেন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ‘গ্রাম্য আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১০ জন। 

এ ঘটনার জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জামালগঞ্জ থানার ওসি মো. জয়নাল হোসেন।

নিহত সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) ওই গ্রামের প্রয়াত মুজিবুর রহমানের ছেলে।

আহতদের মধ্যে আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বাকিরা জেলা সদর হাসপাতালে ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আটকরা হলেন- একই এলাকার মোছা আলী, ইমার হোসেন, নূর আলম এবং শাখাওয়াত হোসেন তবারক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রাম্য শালিসে বিষয়টি মিটমাট করা হয়।

এর মধ্যে দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সেজাউলসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেজাউল মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াতকে আটক করে পুলিশ।

ওসি জয়নাল হোসেন বলেন, “পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”