১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় জেল-জরিমানা

অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিডিনিউজ২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 10:40 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসাননগর গ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানের পর এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম (৫২) ওই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। 

আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে বিষয়টি অনুসন্ধান করেন।

পরবর্তীতে শরিফুল ইসলামের বাড়িতে অভিযানে প্রায় ৬৪৫ লিটার (৩ ব্যারেল) ডিজেল জব্দ করা হয়। এ সময় জব্দ করা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”