২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ঝুপড়ি ঘরের আগুনে প্রাণ গেল রোহিঙ্গার

ধারণা করা হচ্ছে, আবুল হোসেন ঘুমানোর আগে সিগারেট খেয়েছিলেন। পরে ফেলে দেওয়া সিগারেট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

কক্সবাজারে ঝুপড়ি ঘরের আগুনে প্রাণ গেল রোহিঙ্গার

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 11:42 AM

Updated : 05 Mar 2024, 11:41 AM

কক্সবাজারে টেকনাফে ঝুপড়ি ঘরে লাগা আগুনে এক পুরাতন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। 

সোমবার রাত সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ। 

নিহত আবুল হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে ওই এলাকার ঝুপড়ি ঘরটিতে একা বসবাস করে আসছিলেন। 

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা নাগরিক। তিনি স্থানীয় জনৈক ব্যক্তির বসত ভিটায় ঝুপড়ি ঘর বানিয়ে থাকতেন।   

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুকুল বলেন, প্রতিদিনের মত সোমবার রাতেও নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল হোসেন। হঠাৎ তার ঘরটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 

ঘরটি অন্যান্য বসত ঘর থেকে বিচ্ছিন্ন স্থানে ছিল। তারপরও আগুনের ছড়িয়ে পড়ার ঝুঁকি দূর করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। পরে ধ্বংসস্তূপ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

মুকুল বলেন, “আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আবুল হোসেন ঘুমানোর আগে সিগারেট খেয়েছিলেন। পরে ফেলে দেওয়া সিগারেট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। 

“ঘরটি বাঁশের খুঁটি ও পলিথিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আবুল হোসেন ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি।” 

নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুকুল।