২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা থেকে কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল ৩ পোশাক শ্রমিকের

কর্মস্থলে ফিরতে পোশাক শ্রমিকরা অন্য পরিবহন না পেয়ে ট্রাকে চড়েই ঢাকায় রওয়ানা হয়েছিলেন।

গাইবান্ধা থেকে কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল ৩ পোশাক শ্রমিকের

ঢাকা-রংপুর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 11:59 AM

Updated : 08 Jul 2023, 11:59 AM

ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিকরা, অন্য পরিবহন না পেয়ে ট্রাকে চড়েই ঢাকায় রওয়ানা হয়েছিলেন তারা। কিন্তু বাসের সঙ্গে সেই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ তিন জন। আহত হয়েছন কমপক্ষে ৩০ জন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের আব্দুল জোব্বারের ছেলে জহুরুল ইসলাম (৪৩), একই গ্রামের জাহিদ হাসান (২৫) ও তার স্ত্রী ঝর্না বেগম (২২)।

ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার ঈদের ছুটি শেষে ৩০-৪০ জন পোশাক শ্রমিক ট্রাকযোগে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রী বাসের সঙ্গে যাত্রীবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন। নিহত ও আহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।