২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে তাদের দমন করা হয় : রিজভী

“অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের গায়ে জ্বর আসে।”

যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে তাদের দমন করা হয় : রিজভী

নারায়ণগঞ্জে আহত বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 10:37 PM

Updated : 27 Aug 2023, 10:37 PM

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, এমন অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের গায়ে জ্বর আসে।”

রোববার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটিতে বিএনপির কর্মসূচিতে পুলিশের ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারানো নেতা শহীদুল ইসলাম টিটুর বাড়িতে যান দলটির এই সিনিয়র নেতা। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “যারা সুষ্ঠু নির্বাচনের দাবি তোলে তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করা হয়।”

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ভয় ও আতঙ্কে আছেন বলেই তিনি জঙ্গিবাদের নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷”

রিজভী বলেন, “নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ নেতারা এখন চিকিৎসার উদ্দেশে বিদেশ যাওয়া বিএনপির অসুস্থ নেতাদের নামেও মিথ্যাচার এবং অপপ্রচার করছেন। মিথ্যাচার করতে করতে ওবায়দুল কাদের সাহেব এখন জনগণের কাছে সার্কাসের জোকারে পরিণত হয়েছেন।”

গত ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখে আঘাত পান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। এতে তার দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়।

টিটুর নারায়ণগঞ্জের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন রিজভীসহ বিএনপি নেতারা৷ পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে টিটুকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।