২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে কলেজ শিক্ষিকার মৃত্যু: স্বামী মামুন কারাগারে

কোনো অপরাধে জড়িত হতে পারে সন্দেহে মামুনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 09:12 PM

Updated : 16 Aug 2022, 06:23 PM

নাটোরে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর পর আটক স্বামী মামুন হোসেনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোসলেম উদ্দীন এই আদেশ দেন।

কোনো আমলযোগ্য অপরাধে জড়িত হতে পারে সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার সকালে শহরের বলারিপাড়া মহল্লার হাজী নান্নু ম্যানসনের চারতলার ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের (৪২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে তার স্বামী মামুন হোসেনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় খায়রুনের চাচাত ভাই ছবের উদ্দিন বাদী হয়ে রোববার রাতে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছেন।

নাটোরের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, মামুন হোসেনকে সোমবার বিকালে নাটোরের আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবী গোলাম সারোয়ার স্বপন তার পক্ষে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে মামুনকে নাটোর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যার কিছু আগে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান এই আইনজীবী।

রোববার বিকালে ময়নাতদন্ত শেষে শিক্ষিকার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড়ের আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নাচকৈড় কবরস্থানে খায়রুন নাহারকে দাফন করা হয়।

ময়নাতদন্তে অংশ নেওয়া নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সামিউল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে খায়রুন নাহার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে রাসয়নিক পরীক্ষার জন্য মরদেহের কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সেখানকার ল্যাব রিপোর্ট এলে চূড়ান্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর বিষয়টি তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট না পর্যন্ত তার স্বামী মামুন হোসেনকে জেল হাজতে আটক রাখার জন্য ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গত ডিসেম্বরে ৪২ বছর বয়সী খায়রুন নাহার ও ২২ বছরের মামুন হোসেনকে বিয়ে করে খবর হন। খায়রুন নাহার একটি কলেজের শিক্ষক এবং মামুন আরেকটি কলেজের স্নাতকের শিক্ষার্থী।

আরও পড়ুন:

শিক্ষিকা খায়রুন ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা চিকিৎসকের

কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ মিললো শোয়ার ঘরে